বুকে লোহার রড ঢুকিয়ে কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষণপুরে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন (২০) মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে, সে পেশায় একজন রাজমিস্ত্রী। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, হত্যাকাণ্ড ঘিরে লক্ষণপুর বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২০) লক্ষণপুর গ্রামের একটি ভবনে নির্মাণশ্রমিকের কাজ করছিলেন। সোমবার ওই ভবনে কাজ চলাকালীন সময়ে টাকা-পয়সার লেনদেন নিয়ে কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। হাতাহাতির একপর্যায়ে ফরহাদ হোসেনের বুকে লোহার রড ঢুকিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ফরহাদকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, লক্ষণপুর বাজারে হত্যাকাণ্ডের শিকার যুবকের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ড ঘিরে বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও রয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে হাতের সহকর্মী মাহফুজ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।